তিস্তা নিউজ ডেস্ক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের মধ্যেই কঠোর বার্তা দিল র্যাব—জামিনে বের হলেও ছাড় নেই, শীর্ষ সন্ত্রাসীরা এখন গোয়েন্দা নজরদারির জালে। যেকোনো সময় পুনরায় অপরাধে জড়ানোর চেষ্টা করলেই নেওয়া হবে দ্রুত ব্যবস্থা।
শনিবার (২ মে) সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের প্রতিটি গতিবিধি নজরে রাখা হচ্ছে। কেউ আইন ভাঙার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।”
র্যাব জানায়, দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তাদের ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে র্যাবের টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আলোচিত টিটন হত্যাকাণ্ড প্রসঙ্গে জানানো হয়, ঘটনাটির ছায়া তদন্ত চলছে এবং এর পেছনের মূল রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর ব্যস্ত নিউমার্কেট এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাবের একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে।
সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। র্যাবের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের মোটিভ এবং জড়িতদের নেপথ্যের যোগসূত্র খুঁজে বের করতেই চলছে নিবিড় অনুসন্ধান।
র্যাব আরও জানায়, শুধু আলোচিত এই হত্যাকাণ্ড নয়—জামিনে মুক্ত হয়ে যারা আবার অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাদের সবাইকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। কোনোভাবেই নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
সংস্থাটি স্পষ্টভাবে জানায়, “অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই।” জননিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজধানীসহ সারাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply