1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দেশের অগ্রগতিতে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করছে সরকার : পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২১ Time View

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় ২.১ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও উন্নয়ন দর্শন অনুসরণ করেই সরকার দেশের অবকাঠামো ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে খাল-নদী পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সারা দেশে চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, পানি ব্যবস্থাপনার উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়।

বিশেষ অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, হোসেন্দী খালের পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে আসবে। একই সঙ্গে সেচ সুবিধা বৃদ্ধির কারণে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তিনি জানান, পর্যায়ক্রমে গজারিয়ার অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২৫–২০২৬ অর্থবছরে এই খাল পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ রয়েছে ৪৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৪ টাকা। কাজ শেষ হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV