1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নতুন সংগ্রামের মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচন শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি; বরং এখন শুরু হয়েছে জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের নতুন অধ্যায়। সেই লক্ষ্য পূরণে সবাইকে “নতুন সংগ্রামে” নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত এ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটি রাজনৈতিক লড়াই আমরা শেষ করেছি। এখন শুরু হয়েছে মানুষের প্রত্যাশা পূরণের লড়াই। জনগণের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি বলেন, “সরকার একা সফল হতে পারবে না। দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা ও সমন্বয় ছাড়া জনগণের আশা পূরণ সম্ভব নয়। তাই দেশের উন্নয়ন ও নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, নির্বাচনের সময় দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতা মোকাবিলা করেও মাঠে কাজ করেছেন। জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতি আস্থা রেখে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার। কিন্তু সরকার গঠনের পর এটি দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ জনগণের বড় একটি অংশ এই পরিকল্পনার পক্ষেই রায় দিয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, সরকার একটি সুশাসিত, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়তে কাজ করছে। যেখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে, নারী ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ভোগ করবে।

তিনি বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম, এখন সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই ছিল প্রথম বড় মতবিনিময় সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV