1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সাম্প্রদায়িক নিরাপত্তা না দিতে পারলে মন্ত্রিত্ব পদ ছাড়ার ঘোষণা ধর্মমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। তিনি জোর দিয়ে বলেন, দেশে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সোমবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এই ঐতিহ্য নষ্ট করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হবে। তার ভাষায়, “ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ, তারা গণতন্ত্রকে লালন করে। যদি তারা সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে পারস্পরিক শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে।”

ধর্মমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “ভারতে ঘটনা ঘটছে বলে বাংলাদেশে কোনোভাবেই একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এই দেশে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করা হবে না।”

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানকে ঘিরে যেসব ইতিবাচক উদ্যোগ বা কর্মকাণ্ড রয়েছে, তা অনেকের সহ্য হচ্ছে না। যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের চিহ্নিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো সব ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV