1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন। সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তার বহর ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সফরের শুরুতেই ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ছিল। পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় কৃষকদের উপকার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। ত্রিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ত্রিশাল নজরুল ডাক বাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং কবির সাহিত্য ও সংগীত নিয়ে বিশেষ আয়োজন থাকার কথা রয়েছে।

এদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভা। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফরকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV