তিস্তা নিউজ ডেস্ক
রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনকালে সড়কের মাঝেই ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক।
বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
ডিসি মইনুল হক বলেন, ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্ব পালনকালে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “দায়িত্বের সময় সহকর্মীদের মধ্যে মতবিরোধ বা কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তা কখনোই শারীরিক সংঘাতে রূপ নিতে পারে না।”
তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ট্রাফিক ডিউটি করা কঠিন হলেও শৃঙ্খলা ভঙ্গ করে সড়কের মাঝখানে হাতাহাতি কোনোভাবেই সহ্য করা হবে না। পুলিশ সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ মে দুপুরে গুলিস্তানের জিপিও মোড় এলাকায় সিগন্যাল ডিউটির সময় একটি গাড়ি নিয়ম না মেনে চলাচল করাকে কেন্দ্র করে দুই ট্রাফিক সদস্যের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত উত্তপ্ত হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়, যা সড়কের মাঝেই ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই দুজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয় এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা পরিচালিত হবে।
ডিএমপি আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ট্রাফিক সদস্যদের আচরণবিধি ও পেশাদারিত্ব বিষয়ে আরও কঠোর নজরদারি ও প্রশিক্ষণ জোরদার করা হবে।
Leave a Reply