তিস্তা নিউজ প্রতিবেদক
ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে সারা দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। এ ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফলে রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। দীর্ঘ এই বিরতির পর আগামী ১ জুন থেকে আবারও খুলবে সরকারি অফিস-আদালত।
সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরবর্তীতে নির্বাহী আদেশে আরও একদিন যুক্ত করে মোট সাত দিনের টানা ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২৬ ও ২৭ মে ঈদের আগে ছুটি এবং ২৯ থেকে ৩১ মে ঈদের পরের ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ঈদের আগে ও পরে মিলিয়ে দীর্ঘ এক টানা বিরতি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর আগের নিয়ম অনুযায়ী, গত ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তরগুলোতে অফিস চালু ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে জরুরি ও জনসেবা খাতগুলোকে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর ও পরিবহন কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবার কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।
একইভাবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও সচল থাকবে।
ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। পাশাপাশি আদালতের কার্যক্রম নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট আলাদা সিদ্ধান্ত জানাবে।
অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি নির্ধারণে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই দীর্ঘ ছুটিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের ভিড় ও ঈদযাত্রার চাপ ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Leave a Reply