নিজস্ব প্রতিনিধি,
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান। তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে বাবাকে হয়তো আর জীবিত অবস্থায় দেখার সুযোগ নাও হতে পারে।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা ইমরান খানের কারাবাসের ভয়াবহ ও মানবেতর চিত্র তুলে ধরেন। স্কাই নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম’-এ অংশ নিয়ে কাসিম ও সুলাইমান জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন এবং দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
কারাবাসের অবস্থা বর্ণনা করে কাসিম খান বলেন, ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে একটি নির্জন সেলে আটক রয়েছেন। সেখানে তাঁকে নোংরা পানি পান করতে বাধ্য করা হচ্ছে, আর আশপাশে এমন বন্দীরাও রয়েছেন, যাঁরা মারাত্মক রোগে আক্রান্ত। তাঁর ভাষায়, “কারাগারের পরিবেশ অত্যন্ত ভয়াবহ। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।”
সুলাইমান খান জানান, তাঁর বাবা প্রতিদিন ২৩ ঘণ্টা সেলের ভেতরে কাটান, যা কার্যত একটি ‘ডেথ সেল’। তিনি অভিযোগ করেন, ইমরান খানের ক্ষেত্রে ন্যূনতম মানবিক মানদণ্ড ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে।
এদিকে পিটিআই জানিয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে কারাগারের বাইরে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে।
তবে সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান স্পষ্ট করেন, মুক্তির বিনিময়ে ইমরান খান কোনো রাজনৈতিক আপোসে যাবেন না।
Leave a Reply