নিজস্ব প্রতিনিধি,
একসময় বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমজুটির তালিকায় শীর্ষে ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফের নাম। তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ, আলোচনা আর জল্পনার শেষ ছিল না। সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি টানলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য আজও অটুট রয়েছে, যার প্রমাণ মিলেছে বারবার। বর্তমানে ক্যাটরিনা কাইফ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। অন্যদিকে, ষাটের কোঠায় পা রাখলেও এখনো ব্যাচেলর জীবনেই আছেন ‘বলিউড ভাইজান’ সালমান খান।
শনিবার (২৭ ডিসেম্বর) সালমান খানের ৬০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসেন এই তারকা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে। তবে সবার নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের পাঠানো বিশেষ শুভেচ্ছাবার্তাটি।
সোশ্যাল মিডিয়ায় সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লেখেন, ‘টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’ ক্যাটরিনার এই বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সম্পর্ক।
এই শুভেচ্ছাবার্তাটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা দুজনের পরিণত মানসিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসায় মুখর হয়ে ওঠেন।
উল্লেখ্য, সালমান খান ও ক্যাটরিনা কাইফকে সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গেছে ‘টাইগার ৩’ ছবিতে। মনীষ শর্মা পরিচালিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, এই জুটি এখনো দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছে।
Leave a Reply