যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় নির্দিষ্ট পরিস্থিতিতে ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে। এতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই বন্ড আরোপ করা হতে পারে। ভিসার অন্যান্য শর্ত পূরণ হলেও কনস্যুলার অফিসার আবেদনকারীর প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য ও সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত নির্ধারণ করতে পারবেন।
এই অর্থ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে জমা দিতে হবে। তবে লিখিত নির্দেশনা ছাড়া কোনো অর্থ পরিশোধ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এটি একটি পাইলট কর্মসূচি, যার লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান বা ‘ওভারস্টে’ কমানো।
নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে জামানত ফেরত পাওয়া যাবে। তবে সময়সীমা অতিক্রম বা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে সেই অর্থ বাজেয়াপ্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।
Leave a Reply