নিজস্ব প্রতিনিধি,
ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হতে পারে—এমন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজ দেশের জনগণের ওপর সহিংস দমন-পীড়ন চালালে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
গ্রাহামের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে ইরানজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে। তিনি ইরানি শাসকদের সতর্ক করে বলেন, উন্নত জীবনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাবে। এর আগে ডোনাল্ড ট্রাম্পও বিক্ষোভকারীদের ওপর হামলা হলে কঠোর জবাবের হুমকি দেন।
তবে তেহরান এসব মন্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইরানের বিচার বিভাগ কঠোর অবস্থানের ঘোষণা দিলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন না চালানোর নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে
Leave a Reply