নিজস্ব প্রতিনিধি,
ইরানে কীভাবে হামলা চালানো যেতে পারে, সে বিষয়ে একাধিক বিকল্প পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিভিন্ন দিক নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন। যদিও এখনো হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, ইরানে কোথায় এবং কীভাবে হামলা চালানো যেতে পারে, সে বিষয়ে একাধিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন, তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে।
এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। শনিবারও দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ অব্যাহত থাকে।
তবে শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানান, নিহত ও আহত মানুষের ভিড়ে তাদের হাসপাতালগুলো উপচে পড়েছে। তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, তরুণদের মাথা ও বুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক বলেন, রোগীর চাপ সামলাতে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
Leave a Reply