নিজস্ব প্রতিনিধি,
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শুক্রবার (১৬ জানুয়ারি) একযোগে দুটি ব্যাংক লুট ও এক পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটে। খারান শহরে এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী একযোগে তিনটি স্থানে হামলা চালায়। লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক লিমিটেড। হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে এবং পুলিশ স্টেশনে হামলা চালিয়ে জিম্মি নেওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
আইএসপিআর জানায়, খারান ও আশপাশের এলাকায় ক্লিন-আপ অভিযান চলছে। জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) ও ফেডারেল সরকারের ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তান সরকার বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে মূলত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে চিহ্নিত করেছে। ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানকে অস্থিতিশীল করার হাইব্রিড যুদ্ধের অভিযোগ তুলেছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি জানান, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রাথমিক সংঘর্ষে চার সন্ত্রাসী নিহত হয়, পরে অন্যান্যদেরও বিভিন্ন অভিযানে নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা এখন আদর্শিক তৎপরতার পাশাপাশি ব্যাংক ডাকাতির মতো সংগঠিত অপরাধেও লিপ্ত হচ্ছে। তিনি দুর্গম এলাকায় ডিজিটাল অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ৩০০ কোটি রুপির প্রাদেশিক প্রকল্পের মাধ্যমে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা দেন, যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালকে সংযুক্ত করবে এবং নজরদারি বজায় রাখবে
Leave a Reply