নীলফামারীর চারটি আসনে ৩১ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, মঙ্গলবার (২০জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এই তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকার ভিত্তিতে নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ৬ জন, নীলফামারী-৩ আসনে ৪ জন এবং নীলফামারী-৪ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা মাঠে প্রচারণা শুরু করবেন। উল্লেখ্য, চারটি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এর মধ্যে ৩৩ জন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই ও আপিল শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নীলফামারী-১ আসন ডোমার উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, তবে নির্বাচন কমিশনে আপিল করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে আছেন জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার, বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জাতীয় পার্টির মেজর (অব.) তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের মো. সাদ্দাম হোসেন, বাসদ (মার্কসবাদী) মো. রফিকুল ইসলাম, জেপি (মঞ্জু) মো. মখদুম আজম মাশরাফী, ন্যাপের জেবেল রহমান গানি ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।
নীলফামারী-২ আসন জেলা সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, তবে একজন আপিলে বৈধতা পান। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের সারোয়ারুল আলম বাবু, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র মিনহাজুল ইসলাম মিনহাজ।
নীলফামারী-৩ আসন একটি পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত। ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই ও আপিল শেষে ৪ জন প্রার্থী বৈধ হন। তারা হলেন বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী।
নীলফামারী-৪ আসন সৈয়দপুর উপজেলার ৫ ইউনিয়ন, একটি পৌরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড ও কিশোরীগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত। ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যাচাই-বাছাইয়ে চারজন বাতিল হন। আপিলে তিনজন বৈধতা পান। ফলে এখন এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এইভাবে নীলফামারীতে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যা ভোটারদের কাছে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের পূর্বাভাস বহন করছে।
Leave a Reply