তিস্তা নিউজ ডেস্ক:
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাংবাদিকতার নৈতিকতা জোরদার, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নারিুজ্জামান। তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি নির্বাচনকালীন সময়ে গুজব, বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচার রোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের জন্য প্রযোজ্য আইন ও নীতিমালা ব্যাখ্যা করেন।
এছাড়া প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Leave a Reply