তিস্তা নিউজ ডেস্ক:
ইরানে গত কয়েক মাসের রাজপথের বিক্ষোভ আপাতদৃষ্টিতে স্তিমিত হলেও এর আড়ালে মানুষের ক্ষোভ এখনো অটুট আছে। নিরাপত্তা বাহিনীর কঠোর ব্যবস্থা, হাজার হাজার গ্রেপ্তার এবং বিক্ষোভে সমর্থনের অভিযোগে ব্যবসায়িক সম্পদ বাজেয়াপ্ত ও ‘সন্ত্রাসবাদের’ মামলার কারণে জনগণ সরাসরি আন্দোলনে নেই। এই পরিস্থিতিতে মনে হচ্ছে, ইরানের কর্তৃপক্ষ আবারও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই শান্তি কেবল পৃষ্ঠতলের। ইরানের সামনে এখন দুটি পথ খোলা—এক, কঠিন আপস করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতি সংস্কার করা; দুই, পরিবর্তন না আনা হলে বড় ধরনের গণ–অভ্যুত্থানের মুখোমুখি হওয়া।
ইরানের অর্থনীতি বর্তমানে ধুঁকছে। দশকব্যাপী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে রিয়ালের মান তলানিতে, তেল রপ্তানি কমেছে এবং মুদ্রাস্ফীতি গত বছর ৪২ শতাংশ ছাড়িয়েছে। ২০১৬ সালে যখন পরমাণু চুক্তির ফলে নিষেধাজ্ঞা শিথিল ছিল, তখন মুদ্রাস্ফীতি মাত্র ৬.৮ শতাংশ ছিল। বিদ্যুৎ ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করেছে। নিষেধাজ্ঞা থেকে উত্তরণে তেহরানকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে হবে, যা পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্কের ক্ষেত্রে আপস করার শর্ত আনবে।
নিরাপত্তার ক্ষেত্রেও ইরান সংকটে রয়েছে। ‘ফরোয়ার্ড ডিফেন্স’ কৌশল দেশের অভ্যন্তরে যুদ্ধ পৌঁছাতে না দেয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এই কৌশলের কোনো একটি অংশে পরিবর্তন আনতে হবে খামেনির তৈরি নিরাপত্তাকাঠামোর আমূল সংস্কারের মাধ্যমে। অতীতে পরমাণু কর্মসূচিতে কিছুটা নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক সশস্ত্র মিত্রদের বিষয়ে ইরান কখনো আপস করেনি। সিরিয়ায় আসাদ সরকারের পতন, লেবাননের হিজবুল্লাহর নেতৃত্বের ক্ষয়ক্ষতি এবং ইসরায়েলের সরাসরি হামলা ইরানের আঞ্চলিক শক্তিকে দুর্বল করেছে। দীর্ঘদিন ইরানের নাগরিকরা রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে নিরাপত্তা পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই নিরাপত্তার স্তম্ভকে নড়বড়ে করেছে।
রাজনৈতিক বিশ্লেষক আলীরেজা আজিজির মতে, ইরানের শাসনব্যবস্থায় ইতিমধ্যেই একধরনের রূপান্তর শুরু হয়েছে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের হাত থেকে ক্ষমতা ধীরে ধীরে সামরিক নেতৃত্বের কাছে সরে যাচ্ছে, যেখানে রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আজিজি বলেন, “খামেনির পরবর্তী সময়ে আমরা বর্তমান ইসলামি প্রজাতন্ত্রকে আর দেখতে পাব না। এটি জনগণের আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত হবে, নাকি নিরাপত্তা বাহিনীর হাত ধরে নতুন কোনো রূপে আসবে—সেটাই দেখার বিষয়। তবে পরিবর্তন এখন অনিবার্য।”
অতএব, ইরানের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা—সব মিলিয়ে দেশটি এক গভীর সংকট ও সন্ধিক্ষণে রয়েছে। চলমান চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে পরিবর্তন সময়ের দাবি, আর তার গতি নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত ও জনগণের প্রতিক্রিয়ার উপর।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply