নিজস্ব প্রতিনিধি,
লালমনিরহাট-২ সংসদীয় আসন (কালিগঞ্জ-আদিতমারী) এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তকে ঘিরে। তিনি কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি কাকিনা মহিমারঞ্জন থেকে ২০০২ সালে এসএসসি এবং ২০০৪ সালে কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সাফল্যের সঙ্গে পাশ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১১ সালে বিএসএসসি (অনার্স) ফার্স্ট ক্লাস এবং ২০১৩ সালে এমবিএস (মাস্টার্স) ফার্স্ট ক্লাস অর্জন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এলএলবিতে অধ্যয়নরত। পাশাপাশি তিনি দেশ-বিদেশে ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে জড়িত।
শান্ত দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি মসজিদ, মাদরাসা ও মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য গৃহ নির্মাণ, গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা—সবই নিয়মিতভাবে করে আসছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন।
তিনি ইতিমধ্যেই দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার, প্রত্যন্ত এলাকায় গণসংযোগ, পথসভা এবং নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহ করছেন। শান্ত জানান, তরুণ সমাজের মধ্যে ইতোমধ্যেই তার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ, ভবিষ্যতে দেশের নেতৃত্বে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের এগিয়ে আসা জরুরি।
লালমনিরহাট-২ আসনটি (কালিগঞ্জ-আদিতমারী) লালমনিরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে দুটি উপজেলা এবং ১৬টি ইউনিয়ন রয়েছে। এ আসনের মোট ভোটারের সংখ্যা ৪,৩২,৯৬৩ জন। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: মো. রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ, বিএনপি), মো. ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা, জামায়াতে ইসলামি), মো. মাহফুজুর রহমান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল (কলম, জনতার দল), মো. এলাহান উদ্দিন (লাঙ্গল, জাতীয় পার্টি), নিমাই চন্দ্র রায় (কাস্তে, কমিউনিস্ট পার্টি) এবং মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল, স্বতন্ত্র)।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ আসনটি জাপার সাবেক এমপি মজিবুর রহমানের দখলে ছিল। তিনি পরপর সাতবার টানা ৩৫ বছর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা জানান, মমতাজ আলী শান্ত একজন উদারপন্থী মানুষ। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, গরীব ও অসহায়দের আর্থিক সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। নির্বাচিত হলে এই সহযোগিতা আরও শক্তিশালী হবে। তরুণরা মনে করছেন, মমতাজ আলী শান্তকে ভবিষ্যতের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, যাতে দেশ ও এলাকা উন্নত হয়।
মমতাজ আলী শান্ত জানান, “৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নিষিদ্ধতার কারণে জনগণ বিএনপির দিকে ঝুঁকেছিল। তবে বর্তমানে নানা কারণে জনগণ বিপরীতমুখী হওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এজন্য সাধারণ ভোটারদের তীক্ষ্ণ নজর প্রয়োজন।” তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচিত হলে দুই উপজেলাকে বিশ্বমানের দৃষ্টিনন্দন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি ভোটারদের অনুরোধ করেছেন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য।
Leave a Reply