নিজস্ব প্রতিনিধি,
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি গত ৫৪ বছর ধরে যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।
মাঘের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই তিস্তা হেলিপ্যাড মাঠে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মী ও সমর্থকেরা। বাস, ট্রাক ও নৌকায় চড়ে লালমনিরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হন। স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়। যারা বছরের পর বছর ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের আর নতুন করে সুযোগ দেওয়ার কিছু নেই।” তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। “মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করে আনা হবে”—এমন কঠোর ভাষায় তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন।
উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, “উত্তরবঙ্গ কোনো সৎ মায়ের সন্তান নয়—এমন আচরণ করা হয়েছে। এই অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে।” তিনি আশ্বাস দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত উত্তরাঞ্চল থেকেই।
ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের কথা উল্লেখ করে তিনি আসন্ন গণভোট ও নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও অর্থনীতির চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যে ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক পরিক্রমার পর বিএনপির কিছুটা ‘বিশ্রাম’ নেওয়া উচিত এবং দেশের সেবায় জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়া প্রয়োজন।
এছাড়া তিনি নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং তরুণদের হাতে আগামীর নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন। তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply