তিস্তা নিউজ ডেস্ক
দেশ একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সময়ে দায়িত্বহীনভাবে চললে রাষ্ট্রের ভবিষ্যৎ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও কর্মপরিকল্পনা নিয়ে দেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন, সেই পথ অনুসরণ করেই বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।
রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের ভিত্তি তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্বে তখন দেশের মানুষের মধ্যে একটি আস্থা ও আত্মপরিচয়ের অনুভূতি তৈরি হয়েছিল, যা আজও অনুকরণীয়। তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় সততা, জবাবদিহি ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত না করলে উন্নয়ন টেকসই হয় না।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে সমাজে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন— আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী এবং রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply