1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল চেয়ে জমিয়তের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫ Time View

তিস্তা নিউজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘অসম, অস্বচ্ছ ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের উদ্যোগও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। এসব দাবিতে আগামী ১৫ মে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সংবাদ সম্মেলনে জমিয়তের নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে বাধ্য করা হয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রের জন্য রাখা হয়েছে মাত্র ছয়টি শর্ত। তাদের দাবি, এটি কোনো সমমর্যাদার চুক্তি নয়; বরং বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌম নীতিনির্ধারণী ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করবে। দলটির ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় জনমনে ব্যাপক সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়েছে।

জমিয়তের নেতারা আরও বলেন, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে। এতে দেশীয় শিল্প ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বৈদেশিক নির্ভরতা বাড়বে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, চুক্তির কিছু পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের শুকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সংস্কৃতি ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে সরকারকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানায় দলটি।

এছাড়া ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার উদ্যোগেরও বিরোধিতা করে জমিয়ত। দলটির নেতাদের দাবি, এ ধরনের উদ্যোগ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। জমিয়তের নেতারা বলেন, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ এবং ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানান তারা।

পাশাপাশি পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে দলটি। তাদের দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান জমিয়ত নেতারা।

সবশেষে দলটির পক্ষ থেকে আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। নেতারা জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিল, জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের বিরোধিতা এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV