তিস্তা নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে দলীয় এক বিবৃতিতে জানানো হয়েছে।
এই সফরে তিনি অংশ নেবেন দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটি ফোরাম ২০২৬’-এ। বিশ্বব্যাপী মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।
সফরকালে আসিফ মাহমুদ বিভিন্ন আলোচনা ও সেশনে অংশ নিয়ে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি, নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তরুণ নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণের ভূমিকা নিয়েও আলোচনায় যুক্ত থাকবেন তিনি।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব সভায় প্রবাসীদের জীবনযাত্রা, সমস্যা, সুযোগ-সুবিধা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবদান নিয়ে আলোচনা হবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-এর দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। এসব বৈঠকে প্রবাসী সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।
দলীয় সূত্র জানায়, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও গণতান্ত্রিক ইস্যুতে এনসিপির অবস্থান আরও সুস্পষ্টভাবে তুলে ধরা হবে। একইসঙ্গে প্রবাসীদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং সংগঠনের বৈশ্বিক কার্যক্রম বিস্তৃত করাই এই সফরের অন্যতম লক্ষ্য।
সবকিছু শেষে আগামী ১৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply