1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

স্বপ্নের মঞ্চে পৌঁছানো হলো না, ভারতের কাছে হার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

হ্যাটট্রিক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শিরোপা ধরে রাখার আশা ছিল প্রবল। তবে শ্রেষ্ঠত্বের মঞ্চে গিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না লাল-সবুজের মেয়েরা। একের পর এক ভুলের চড়া মূল্য দিতে হলো আলপি, অর্পিতা ও ইয়ারজানদের। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারতে হয় বাংলাদেশকে।

গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনালে নামে ফেবারিট হিসেবে। আগের ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে ১৮ গোল করে একটিও না খাওয়ার রেকর্ড ছিল তাদের ঝুলিতে। কিন্তু ফাইনালে এসে ম্যাচের চিত্র বদলে যায়। শুরুতে দুই দলই সাবধানী ফুটবল খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ভারত।

ম্যাচে প্রথম বড় ধাক্কা আসে ৪২ মিনিটে। বাঁ দিক থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণভাগ। সুযোগ কাজে লাগিয়ে ভারত অধিনায়ক ঝুলান নংমাইথেম গোল করলে আসরে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে বাংলাদেশ। পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা জোরালো হলেও কার্যকর সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৫২ মিনিটে তৃষ্ণা একক প্রচেষ্টায় গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। এরপর ৬২ মিনিটে রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় ভারত। এলিজাবেথ লাকরা স্পটকিক থেকে গোল করলে ব্যবধান বেড়ে যায়।

৬৮ মিনিটে গোলকিপার ইয়ারজানের ভুলে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। চাপের মুখে তার ক্লিয়ারেন্স প্রতিপক্ষের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। এতে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় লাল-সবুজের মেয়েরা। শেষ দিকে ৮৩ মিনিটে আনভিতা কোনাকুনি আরেকটি গোল করলে ৪-০ ব্যবধানে নিশ্চিত হয় ভারতের জয়।

এই জয়ের মাধ্যমে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার এককভাবে শিরোপা জিতল ভারত। অন্যদিকে হতাশা নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV