1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

তেল কম দেওয়া ও বিএসটিআই অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদন, নীলফামারীতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ফিলিং স্টেশনে তেল কম দেয়া ও অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক নাসির উদ্দিন। অভিযানকালে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকায় অবস্থিত মুক্তা ফিলিং স্টেশনে মাপের কারচুপির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেশিনে কারিগরি হেরফেরের মাধ্যমে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছিল। একই অভিযানে অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই ‘আইসললি’ নামে একটি শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল। প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন বলেন, ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাপে কারচুপি বা অনুমোদনহীন খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV