ডেস্ক রিপোর্ট
গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া Dhurandhar সিনেমাটি দর্শক ও বক্স অফিস—দুই ক্ষেত্রেই ব্যাপক সাড়া ফেলেছিল। পরিচালক Aditya Dhar নির্মিত এই ছবিটি মুক্তির পরপরই এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখায়। বিপুল সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিনেমাটির দ্বিতীয় পর্ব— Dhurandhar: The Revenge।
প্রথম পর্বটি যেমন দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়, তেমনি ছবিটি ঘিরে শুরু থেকেই তৈরি হয় নানা বিতর্ক। বিশেষ করে পাকিস্তানের কিছু মহলে অভিযোগ ওঠে, সিনেমাটিতে পাকিস্তানবিরোধী ইঙ্গিত রয়েছে। ছবির কাহিনিতে পাকিস্তানের Lyari অঞ্চলে গ্যাংস্টারদের সংঘর্ষ এবং ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার বিষয় তুলে ধরা হয়েছিল। এ কারণেই অনেকেই ছবিটিকে ‘পাকিস্তানবিরোধী’ আখ্যা দেন।
বিতর্কের জেরে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। পাকিস্তানেও আনুষ্ঠানিকভাবে ছবিটি মুক্তি পায়নি। তবে বিভিন্ন অনানুষ্ঠানিক উপায়ে সিনেমাটি সেখানকার দর্শকদের কাছেও পৌঁছে যায় বলে জানা গেছে।
এদিকে দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাবে কি না, সে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন পরিচালক আদিত্য ধর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানি দর্শক যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে তাদের এই সিনেমাটি দেখা উচিত। কারণ আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি—পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।”
প্রথম সিনেমার গল্প আবর্তিত হয়েছিল রহমান বালোচ নামের একটি চরিত্রকে কেন্দ্র করে। তবে নতুন পর্বে সেই চরিত্রের মৃত্যুর পর গল্পের মূল কেন্দ্র হয়ে উঠছে হামজা। এই চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা Ranveer Singh।
নির্মাতাদের দাবি, প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে অ্যাকশন, সংঘর্ষ এবং নাটকীয়তা আরও বেশি তীব্র হবে। ফলে রক্তাক্ত লড়াই ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের পরিমাণও বাড়তে পারে। এ কারণে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
সব মিলিয়ে, সাফল্য ও বিতর্ক—দুইয়ের মাঝেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার বিষয়, Dhurandhar: The Revenge মুক্তির পর আবারও কি বক্স অফিসে ঝড় তুলতে পারে।
Leave a Reply