সাম্প্রতিক সিরিজে দলে থাকলেও এক ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি সৌম্য সরকার। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন। অবশেষে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে তার ৯১ রানের ঝকঝকে ইনিংসে বাংলাদেশের জয় অনেকটাই সহজ হয়ে যায় এবং তিনি ম্যাচসেরার পুরস্কারও জেতেন। তবে আশ্চর্যের বিষয় হলো, পরবর্তী সিরিজে দলে থাকা সত্ত্বেও একাদশে জায়গা হয়নি তার।
সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেনার সাইফ হাসান ব্যাট হাতে তেমন সফল হতে পারেননি। দুই ইনিংসে মিলিয়ে তিনি ২০ রানও করতে পারেননি। তাই অনেকের ধারণা ছিল, তৃতীয় ম্যাচে হয়তো সাইফের জায়গায় অথবা অন্তত রোটেশন নীতির ভিত্তিতে সৌম্যকে সুযোগ দেওয়া হবে। কিন্তু শেষ ম্যাচেও একাদশে জায়গা হয়নি তার।
ম্যাচের আগের রাতেই বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে যায়। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সৌম্য, যেখানে তাকে মাঠের বাইরে হাতে পানির বোতল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পুরো সিরিজজুড়েই তাকে মূলত এই ভূমিকায় থাকতে হয়েছে।
এ বিষয়ে অধিনায়ক মিরাজ জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য খুব একটা ছন্দে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। তবে অনুশীলনে সৌম্যের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন মিরাজ।
মিরাজ আরও বলেন, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে সুযোগ দিয়ে তাদের ফর্মে ফেরানোর পরিকল্পনা থেকেই টানা তিন ম্যাচে তাদের খেলানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ সিরিজের পরিকল্পনাও মাথায় রাখা হয়েছিল দলের।
তবে সৌম্য সরকারের জন্য দরজা বন্ধ নয় বলেও জানান অধিনায়ক। তার মতে, কোনো ব্যাটারকে সুযোগ দিলে তাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত, যাতে সে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারে। সেই অনুযায়ী ভবিষ্যতে সৌম্যও সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মিরাজ।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply