তিস্তা নিউজ ডেস্ক
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন। শুক্রবার (২৭ মার্চ) হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলামবিদ্বেষী। যদি বলেন তিনি জামায়াতে ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী না, তিনি ইসলামবিদ্বেষী।”
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাদের জিজ্ঞেস করুন, তারা ধর্মবিদ্বেষী কি না।”
এছাড়া আমির হামজা যোগ করেন, “আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম। জেনারেটর চালানোর জন্য পাঁচ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন বিপন্ন। এ ধরনের অযোগ্য মানুষদের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসানো হলে এমন হাহাকার লাগত না।”
ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হাটশ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, “এমপি সাহেবকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ থেকেই জুমার নামাজে এসেছেন। তবে আলোচনার সময় আমি বাইরে থাকায় তিনি কী বলেছেন তা শুনতে পারিনি।”
অন্যদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মন্তব্য করেন, “আমির হামজা কোথায় কী বলেন, তা তিনি নিজেই জানেন না। সম্প্রতি তিনি মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন বলেছিলেন, কিন্তু টাকার উৎস খোলাসা করেননি। এটি একটি ক্রিমিনাল অফেন্স। আমাদের দলের নেতাদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তাকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
Leave a Reply