আন্তর্জাতিক ডেস্ক
লোহিত সাগরের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল কেটে দেওয়ার হুমকি নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, Iran উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা মোতায়েন থাকলে এমন পদক্ষেপ নিতে পারে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনও এ বিষয়ে সরাসরি কিছু নিশ্চিত করেননি।
লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা Mario Nawfal সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রকাশিত পোস্টে জানিয়েছেন, ইরান হুমকি দিয়েছে যে, মার্কিন উপস্থিতি অব্যাহত থাকলে সমুদ্রের তার কেটে দেওয়া হতে পারে। তিনি বলেন, এই কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে Amazon, Microsoft এবং Google-সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের সংযোগও রয়েছে। তিনি সতর্ক করেন, কেবল ক্ষতিগ্রস্ত হলে বিভ্রাট ঘণ্টা নয়, মাসের পর মাস চলতে পারে। একই সঙ্গে তিনি জানান, Meta-এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর এলাকা থেকে সরে গেছে।
বিশেষজ্ঞদের মতে, Red Sea-এর তলদেশে বিস্তৃত ফাইবার অপটিক কেবলগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। বৈশ্বিক আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম—সবকিছুই এই অবকাঠামোর ওপর নির্ভরশীল।
অপর দিকে, কেবল স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফরাসি প্রতিষ্ঠান Alcatel Submarine Networks তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ দিয়েছে। Bloomberg-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কেবল মেরামতকারী জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মাম উপকূলে আটকে আছে। একই সময়ে Meta এই মাসের শুরুতেই সমুদ্রতলের কেবল সংক্রান্ত কাজ স্থগিত করেছে।
সব মিলিয়ে, এই হুমকি বাস্তবায়িত হলে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট ও বিপর্যয় দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
Leave a Reply