আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর কঠোর আক্রমণের হুমকির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেইজিং থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, সামরিক উপায়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, চলমান সংঘাতের তীব্রতা কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং তা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন করে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি।
এদিকে চীন দাবি করেছে, হরমুজ প্রণালীর নৌপথে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে চালানো সামরিক কর্মকাণ্ডই মূল কারণ। ট্রাম্পের তেলের চলাচল নিয়ন্ত্রণের আহ্বানের পর এই বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে।
মাও নিং আরও বলেন, হরমুজ প্রণালীর নৌপথ বাধাগ্রস্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তথাকথিত অবৈধ সামরিক পদক্ষেপ দায়ী। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই হতে পারে একমাত্র কার্যকর পথ।
Leave a Reply