আন্তর্জাতিক ডেস্ক
শনিবার (৪ এপ্রিল) সকালে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের অভিজাত এলাকা মেরিনা-তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি তেহরান থেকে পরিচালিত হয়। হামলার সময় আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে প্রতিহত হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মেরিনার একটি ভবনে আঘাত হানে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনাস্থলে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকাবাসী হামলার শব্দ ও ধ্বংসাবশেষের কারণে আতঙ্কিত হয়।
এর আগে শুক্রবার আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয়। হাবসান স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। হামলার পর সেখানে আগুন লাগে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিশ্লেষকরা মনে করছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে ইরান মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করে। প্রথমদিকে এই হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বাণিজ্যিক এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
দুবাই মেরিনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে।
Leave a Reply