নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ মোনাব্বেরুল হক (মনা) স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে চকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় ঘটে। সাংবাদিক অভিযোগ করেছেন, ওই এলাকায় একটি সড়ক নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে স্থানীয় প্রভাবশালীরা নিয়মবহির্ভূতভাবে বালু ফেলে কাজ পরিচালনা করছিল।
হঠাৎ ওই ব্যক্তিরা সাংবাদিককে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে ধাওয়া করে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেন। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা হামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় মহলে এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সচেতনরা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply