1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য টাইগারদের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হয়।

সাম্প্রতিক সময়ে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন করে দায়িত্ব নিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মাত্র তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই বোর্ডের জন্য নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ছিল প্রথম বড় চ্যালেঞ্জ।

নতুন বোর্ড কেমন দল গঠন করবে, কারা সুযোগ পাবেন বা কারা বাদ পড়বেন—এ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছিল নানা আলোচনা। তবে অবশেষে ঘোষিত দলে বড় কোনো চমক দেখা যায়নি। সর্বশেষ পাকিস্তান সিরিজে যে ওয়ানডে দল ছিল, কার্যত সেই দলই বহাল রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৭ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সব মিলিয়ে নতুন নেতৃত্বে প্রথম সিরিজকে ঘিরে এখন অপেক্ষা মাঠের পারফরম্যান্সের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV