জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিছিলটি পরিণত হয় জনসমুদ্রে। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন। পুরো কর্মসূচিজুড়ে স্লোগানে মুখর ছিল রাজপথ—
“গণভোটের রায় অমান্য করা চলবে না”,
“জাস্টিস ফর হাদী”,
“বিচার বিভাগ স্বাধীন করতে হবে”,
“জুলাই সনদ বাস্তবায়ন চাই”।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত গণভোটের রায় কার্যকর করার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা স্মরণ করিয়ে দেন, দেশের ইতিহাসে ছাত্রসমাজ সব সময় আন্দোলনের সামনের সারিতে থেকেছে—১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের সংগ্রাম তার প্রমাণ।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়—জনগণের রায় উপেক্ষিত হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামা হবে।
একই সঙ্গে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply