তিস্তা নিউজ ডেস্ক
ঢাকার ফুটপাত ব্যবস্থাকে শৃঙ্খলিত করতে সরকার নতুন উদ্যোগ হিসেবে ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা হলেও তা আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, যাতে অবৈধ দখল ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যায়।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঢামেকের সামনে ইতোমধ্যে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং এটি ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। একই জায়গায় অতিরিক্ত দোকান বসানো বন্ধে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে একটি গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ এক সপ্তাহের মধ্যে জরিপ কার্যক্রম শুরু করবে বলেও তিনি জানান।
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, রাস্তা ও ফুটপাতে কোনো ধরনের ময়লা না ফেলার শপথ নিতে হবে, তাহলেই ঢাকা শহর পরিষ্কার রাখা সম্ভব হবে। ঢাকা শহরকে শুধু একটি নগর নয়, রাষ্ট্রের মুখমণ্ডল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে সচেতন হতে হবে। আসন্ন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুমের আগে নিজ নিজ বাড়ি-আঙিনা পরিষ্কার রাখারও আহ্বান জানান তিনি, যাতে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো যায়।
Leave a Reply