ক্রীড়া ডেস্ক
আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশের ক্রিকেটে বিশেষ এক উপলক্ষ। উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস তার ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে তাকে সম্মাননা জানানো হয়। এসময় সতীর্থ মোস্তাফিজুর রহমান তার মাথায় ‘১০০’ খচিত স্মারক ক্যাপ তুলে দেন, পাশে ছিলেন মেহেদী হাসান মিরাজ।
২০১৫ সালের জুনে ওয়ানডে অভিষেক হওয়া লিটন দাস অভিষেকের ১১তম বছরে এসে ছুঁলেন এই মাইলফলক। এখন পর্যন্ত ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে তিনি করেছেন ২৭০০ রান। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংস ১৭৬ রান, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত সংগ্রহ। তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬।
উইকেটরক্ষক হিসেবেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এখন পর্যন্ত ৬৮টি ক্যাচ নেওয়ার পাশাপাশি করেছেন ৫টি স্টাম্পিং। ব্যাটিং অর্ডারের বিভিন্ন পজিশনে খেলার সক্ষমতা তাকে দলের জন্য আরও মূল্যবান করে তুলেছে।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১০০ ম্যাচ খেলা ১৪তম ক্রিকেটার হলেন লিটন। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন ১৩ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম (২৭৪টি)। এরপর রয়েছেন সাকিব আল হাসান (২৪৭), তামিম ইকবাল (২৪৩), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯) এবং মাশরাফি বিন মর্তুজা (২১৮)। এছাড়া তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল (১৭৫), আব্দুর রাজ্জাক (১৫৩), খালেদ মাসুদ (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মুস্তাফিজুর রহমান (১১৯), মেহেদী হাসান মিরাজ (১১৮), হাবিবুল বাশার (১১১) এবং রুবেল হোসেন (১০৪)।
এই মাইলফলক লিটন দাসের ক্যারিয়ারের ধারাবাহিকতা ও অবদানেরই স্বীকৃতি। এখন অপেক্ষা—১০০তম ম্যাচটি তিনি কতটা স্মরণীয় করে রাখতে পারেন।
Leave a Reply