আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিনের শাসনের পর এবার তাকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে এক হয়েছেন দেশটির দুই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। আসন্ন ২০২৬ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে তারা নিজেদের রাজনৈতিক দল একীভূত করে নতুন শক্তিশালী নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন।
নতুন এই জোটের মাধ্যমে মূল লক্ষ্য হলো নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারকে নির্বাচনী লড়াইয়ে পরাজিত করা। রাজনৈতিক মহলে এই ঐক্যকে ইসরাইলের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন রাজনৈতিক জোটের নাম রাখা হয়েছে ‘টুগেদার’ (Together)। তিনি আরও জানান, এই জোটের নেতৃত্ব তিনিই দেবেন এবং বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাদের মূল পরিকল্পনা।
নেতানিয়াহুর দীর্ঘ শাসনকালকে ইঙ্গিত করে বেনেট কড়া সমালোচনা করে বলেন, “তিন দশকেরও বেশি সময় পর এখন সময় এসেছে ইসরাইলকে নতুন পথে নিয়ে যাওয়ার। পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসা জরুরি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের চলমান পরিস্থিতি, নিরাপত্তা সংকট এবং বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে ইতিমধ্যেই চাপের মধ্যে থাকা নেতানিয়াহুর জন্য এই নতুন বেনেট-লাপিদ জোট বড় ধরনের রাজনৈতিক হুমকি হয়ে উঠতে পারে। যদি বিরোধীরা জনসমর্থন একত্র করতে সক্ষম হয়, তাহলে আগামী নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply