তিস্তা নিউজ ডেস্ক
বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আগামী ৬ মে থেকে কার্ডের মাধ্যমে তিন মাসব্যাপী খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
রোববার (৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়নের লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের এ বছরের কার্যক্রম উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটসহ হাওড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লাখো হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার জন্য সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। একটি নির্ধারিত কার্ডের মাধ্যমে প্রতি মাসে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যা টানা তিন মাস চলবে।
ত্রাণমন্ত্রী বলেন, আগামী ৬ মে সুনামগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোতেও সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয়ও পৃথকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার সবসময় হাওড়াঞ্চলের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারগুলোর জন্য সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply