1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টিআইবির নির্বাহী পরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি সেবায় জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণের আস্থা অর্জনে সুশাসনের বিকল্প নেই।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আলোচনায় সরকারি সেবাকে আরও জনবান্ধব করতে ডিজিটাল নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ, অনলাইন সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ও উঠে আসে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বৈঠকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ ধরনের আলোচনা প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV