জেলা প্রতিনিধি
সরকার জনগণের মতামত ও গণভোটের রায়কে উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ভিন্নমত দমনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন।
শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং জনগণও সেই রায় দিয়েছে। কিন্তু এখন গণভোটের রায় ও জনমতের প্রতিফলন যথাযথভাবে মানা হচ্ছে না।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ জনমতের বিষয়কে উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পরিবর্তে দলীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
উন্নয়ন কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, একটি নির্দিষ্ট এলাকায় একাধিক বড় প্রকল্প—সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর—কেন্দ্রীভূত করা হচ্ছে। অথচ দেশের অন্যান্য অঞ্চলও সমান উন্নয়ন পাওয়ার যোগ্য।
তবে তিনি স্পষ্ট করেন, জামায়াতে ইসলামী উন্নয়নের বিরোধিতা করে না, বরং ন্যায্যতা ও সমতার ভিত্তিতে উন্নয়ন বণ্টনের পক্ষে।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে বড় পরিবর্তন আসবে। রংপুর-দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এটি।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভিন্নমত দমন করা হচ্ছে এবং সমালোচনামূলক সাংবাদিকদের টার্গেট করে চাকরিচ্যুত ও হেনস্তা করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
এর আগে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিমানবন্দরে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। সফরকালে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply