1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দুই প্রজন্মের তারকা এক ফ্রেমে মান্না-থালাপতি বিজয় ভক্তদের উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ Time View

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় প্রয়াত নায়ক আসলাম তালুকদার মান্না এবং দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। এক ফ্রেমে দুই দেশের দুই সময়ের জনপ্রিয় তারকাকে দেখে অনেকেই বিষয়টিকে ‘দুর্লভ মুহূর্ত’ বললেও, ছবিটির সত্যতা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্না থালাপতি বিজয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। দাবি করা হচ্ছে, ছবিটি প্রায় দুই দশক আগের। তবে এটি বাস্তব ক্যামেরায় তোলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০০০ সালের দিকে মান্না ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক প্রকল্প নিয়ে কাজ করছিলেন এবং সেই সময় তিনি ভারতের বিভিন্ন স্টুডিওতে যাতায়াত করতেন। চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে তার সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ চলাকালে দক্ষিণ ভারতের অনেক শিল্পীর সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা ছিল বলে ধারণা করা হয়।

আরও জানা যায়, ২০০৩-২০০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’-এর কাজে চেন্নাইয়ে অবস্থান করছিলেন, তখন থালাপতি বিজয়ের সিনেমার কাজও চলমান ছিল। সেই সময় তাদের দেখা হওয়ার সম্ভাবনা থাকলেও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্নার পরিবার থেকেও এসেছে ভিন্ন ভিন্ন মন্তব্য। প্রয়াত অভিনেতার স্ত্রী শেলি জানিয়েছেন, বিষয়টি অনেক পুরোনো হওয়ায় স্পষ্টভাবে মনে নেই, তবে বিজয়ের সঙ্গে দেখা হয়ে থাকতে পারে। অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশের দাবি, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এদিকে কিছু অনলাইন ইমেজ বিশ্লেষণ প্ল্যাটফর্ম ছবিটি নিয়ে মিশ্র ফলাফল দিয়েছে—কোথাও আংশিক এআই ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে পুরোনো ছবিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে ছবির উৎস নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।

অন্যদিকে নেটিজেনদের একাংশের দাবি, ছবির মূল ফ্রেমে হয়তো বাপ্পারাজ বা কাজী মারুফ ছিলেন এবং পরবর্তীতে সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে থালাপতি বিজয়ের মুখ যুক্ত করা হয়েছে।

সব বিতর্ক ও মতভেদের মাঝেও ছবিটি দর্শকদের মধ্যে প্রবল নস্টালজিয়া তৈরি করেছে। মান্নার স্মৃতি নতুন করে আলোচনায় আসায় অনেকেই বিষয়টিকে আবেগের দৃষ্টিতে দেখছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মান্না ও থালাপতি বিজয়—দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে জনমানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় তারকা। তাই তাদের নাম এক ফ্রেমে আসা স্বাভাবিকভাবেই ভক্তদের জন্য বিশেষ আগ্রহ ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV