1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

কান প্রচারণায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯ Time View

বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের নতুন প্রচারণামূলক ভিডিও থেকে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কান উৎসবের অন্যতম পরিচিত ভারতীয় মুখ হওয়া সত্ত্বেও তাকে ভিডিওতে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন ভক্তরা।

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে গত ১০ মে ল’রিয়েল প্যারিস তাদের নতুন প্রচারণা প্রকাশ করে। ভিডিওটিতে কানের ঐতিহাসিক একটি ভবনের গায়ে বিশালাকৃতির প্রচারণামূলক পোস্টার লাগানোর দৃশ্য দেখানো হয়। সেখানে আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লনগোরিয়া ও হেলেন মিরেনের মতো তারকাদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “অ্যান্ড অ্যাকশন! কানের সবচেয়ে আইকনিক ভবনটি উৎসবের সাজে সেজে উঠছে।” কিন্তু ভিডিও প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে একটাই প্রশ্ন ঘুরতে থাকে—“ঐশ্বরিয়া কোথায়?”

ইনস্টাগ্রাম ও এক্সে ভক্তদের অসংখ্য মন্তব্যে উঠে আসে হতাশা। অনেকেই মনে করেন, কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ঐশ্বরিয়ার নাম এতটাই জড়িয়ে গেছে যে তাকে ছাড়া এমন প্রচারণা অসম্পূর্ণ মনে হয়েছে।

২০০৩ সালে ল’রিয়েল প্যারিসের বৈশ্বিক শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে নিয়মিত কানের লাল গালিচায় উপস্থিত থেকেছেন ঐশ্বরিয়া। গত দুই দশকে ২০টিরও বেশি বার তিনি এই উৎসবে অংশ নিয়েছেন এবং প্রতিবারই তার পোশাক, উপস্থিতি ও স্টাইল আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের প্রতিনিধিত্বকারী তারকাদের মধ্যে কানের সবচেয়ে পরিচিত মুখ হিসেবেও ধরা হয় তাকে। ফলে এবারের প্রচারণা থেকে তার অনুপস্থিতি ভক্তদের চোখ এড়ায়নি।

অন্যদিকে নতুন প্রচারণায় বিশেষ গুরুত্ব পেয়েছেন আলিয়া ভাট। টানা দ্বিতীয়বারের মতো ল’রিয়েল প্যারিসের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কান উৎসবে অংশ নিচ্ছেন তিনি। ভিডিওতে তার উপস্থিতির পর সামাজিকমাধ্যমে তুলনা শুরু হয় দুই অভিনেত্রীকে ঘিরে।

অনেকের ধারণা, ব্র্যান্ডটি হয়তো এখন ধীরে ধীরে তরুণ প্রজন্মের তারকাদের সামনে নিয়ে আসতে চাইছে। তবে ভক্তদের একটি বড় অংশ মনে করছে, ঐশ্বরিয়ার মতো দীর্ঘদিনের আইকনিক মুখকে প্রচারণায় না রাখা ব্র্যান্ডের জন্য নেতিবাচক বার্তা তৈরি করেছে।

বিতর্ক বাড়তে থাকলে পরে ল’রিয়েল প্যারিস এক বিবৃতিতে জানায়, এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট এবং অদিতি রাও হায়দারি। যদিও এই ঘোষণার পর কিছুটা জল্পনা কমেছে, তবুও প্রথম প্রচারণামূলক ভিডিওতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা এখনও থামেনি।

বিশ্লেষকদের মতে, ঐশ্বরিয়া রাই শুধু একজন অভিনেত্রী নন—কান চলচ্চিত্র উৎসবে তিনি ভারতীয় গ্ল্যামার, ফ্যাশন ও স্টাইলের বৈশ্বিক প্রতীক। আর সেই কারণেই তাকে ঘিরে দর্শক ও ভক্তদের প্রত্যাশাও অন্যদের তুলনায় অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV