তিস্তা নিউজ ডেস্ক
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
মঙ্গলবার (১৯ মে) আমান উল্লাহ কনভেনশন সেন্টার-এ হিউম্যান কেয়ার আয়োজিত ‘স্পেশাল অ্যাবিলিটি সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন। তাদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকার ও সমাজ তাদের পাশে রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া মোবাইল ভ্যানের মাধ্যমে থেরাপি ও পুনর্বাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় এ সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশিক্ষিত জনবলও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের বাদ দিয়ে উন্নত ও মানবিক বাংলাদেশ গঠন সম্ভব নয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সমাজসেবক রাগীব আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply