অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দায়ের রিট খারিজ করল আদালত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
১৮
Time View
তিস্তা নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায়ের ফলে রিট আবেদনটি কার্যত নিষ্পত্তি হয়ে যায়।
এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম পর্যালোচনায় একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। ওই দিন প্রাথমিক শুনানি শেষে আদালত আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
শুনানিতে রিটকারীদের পক্ষ থেকে বলা হয়, ওই সময়কালে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও প্রশাসনসহ বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং কোনো সরকারই দায়িত্ব এড়িয়ে যেতে না পারে।
রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী এমকে রহমান জানান, তারা সরকারের ১৮ মাসের শাসনামলের কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের আবেদন করেছিলেন, যাতে ভবিষ্যতের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
অন্যদিকে আইনজীবী মহসিন রশীদ বলেন, তারা আদালতের কাছে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং একটি নিরপেক্ষ তদন্ত কাঠামো প্রতিষ্ঠার আবেদন করেছিলেন, যার বাস্তবায়ন সরকার চাইলে করতে পারে।
অ্যাটর্নি জেনারেল পক্ষ থেকেও বিষয়টি নিয়ে পূর্বে সময় চাওয়া হয়েছিল। তবে সব পক্ষের শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।
হাইকোর্টের এই আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবিতে করা রিটটি আইনি প্রক্রিয়ায় আর অগ্রসর হলো না।
Leave a Reply