ইহুদিদের ধর্মীয় উৎসব ‘শাভুওত’কে ঘিরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রবেশ করে ধর্মীয় আচার পালনের চেষ্টা করার অভিযোগে ১৩ জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (২২ মে)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে আল-আকসা চত্বরে প্রবেশ করে ধর্মীয় রীতিনীতি পালনের চেষ্টা শুরু করে। তবে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, আগের কিছু ঘটনার মতো এবার পশু উৎসর্গের চেষ্টা হয়নি।
অন্যদিকে ‘ওয়াইনেট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঘটনায় অভিযুক্তরা সঙ্গে করে বড় আকারের রুটি নিয়ে প্রবেশ করেছিল। শাভুওত উৎসবে নতুন ফসলের গম থেকে তৈরি রুটি ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহারের একটি প্রাচীন রীতি রয়েছে, যা ঘিরেই এই তৎপরতা বলে ধারণা করা হচ্ছে।
ঐতিহাসিকভাবে প্রায় দুই হাজার বছর আগে রোমানদের হাতে দ্বিতীয় ইহুদি মন্দির ধ্বংস হওয়ার পর থেকে মূলধারার ইহুদি ধর্মে আল-আকসা এলাকায় কোনো ধরনের উৎসর্গ বা আনুষ্ঠানিক ধর্মীয় আচার প্রচলিত নেই। তবে কিছু কট্টরপন্থী গোষ্ঠী নিয়মিতভাবে এই প্রাচীন প্রথা পুনরুজ্জীবিত করার চেষ্টা করে থাকে।
বিশ্লেষকদের মতে, এসব গোষ্ঠী আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক এলাকায় একটি নতুন ইহুদি মন্দির নির্মাণের ধারণাকে সমর্থন করে থাকে, যা দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে এবং তারও আগে আল-আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানির চেষ্টা করার অভিযোগে যথাক্রমে ১৪ জন ও ২১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার কারণে এলাকায় উত্তেজনা আরও বাড়ছে।
আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং একইসঙ্গে ইহুদিদের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় এলাকা। তবে এখানে অমুসলিমদের জন্য প্রকাশ্য প্রার্থনা ও যেকোনো ধরনের উৎসর্গ কঠোরভাবে নিষিদ্ধ।
এদিকে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসায় ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, আল-আকসা প্রাঙ্গণের বিদ্যমান “স্থিতাবস্থা” অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে দেশটির মূলধারার ধর্মীয় নেতারাও এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করছেন না। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি শ্মুয়েল রাবিনোভিচ স্পষ্টভাবে বলেছেন, আল-আকসায় কোনো ধরনের উৎসর্গের চেষ্টা ধর্মীয় আইন ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি।
Leave a Reply