জেলা প্রতিনিধি
মেহেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে একই গ্রামের নয় বছর বয়সি এক শিশুকে কৌশলে পাটখেতে ডেকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।
এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন।
মামলার বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ ও শুনানিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষের আইনজীবী হিসেবে মারুফ আহমেদ বিজন দায়িত্ব পালন করেন।
Leave a Reply