1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩১ Time View

তিস্তা নিউজ ডেস্ক

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকাকে কেন্দ্র করে নতুন কারাগার স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই অঞ্চলকে কোনোভাবেই সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল বা “অভয়ারণ্য” হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না।

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকাটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে একটি চক্র রাষ্ট্রের ভেতরে ‘সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা’ তৈরি করে এই এলাকায় অপরাধী গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এর ফলে জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বিস্তার লাভ করে।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই চট্টগ্রামে একাধিক সহিংস ও অপরাধমূলক ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বিশেষ করে ব্যবসায়ীদের ওপর হামলা, অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি এবং ভয়ভীতি সৃষ্টির মতো ঘটনায় ৯ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত যৌথ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানের ফলে এলাকায় সন্ত্রাসীদের তৈরি করা নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তবে কিছু ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযান পুরোপুরি সফল করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং ভূমিদস্যু ও ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ ধরনের ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বর্তমানে যারা এই এলাকায় বসবাস করছেন, তাদের কাউকেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে না। বরং প্রকৃত বাসিন্দাদের জন্য একটি টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত একটি সমন্বিত সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা জোন ও অন্যান্য সুবিধা উন্নয়নের কাজ চলছে।

এছাড়া বায়েজিদ লিংক রোডের পাশে খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বেতুয়া ও আশপাশের চা-বাগান এলাকায় অপরাধ দমনে নজরদারি আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস করা হবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা হবে।”

তিনি গণমাধ্যম ও স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV