1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৯ Time View

জেলা প্রতিনিধি

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার মামলাটির তদন্ত ও চার্জশিট দ্রুত সম্পন্ন করে এখন বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করছে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। এখন মামলাটি আদালতের অধীন, বিচারকাজ আদালত পরিচালনা করবেন।”

তিনি আরও জানান, সোমবার আদালত খুললেই মামলাটিকে গুরুত্ব দিয়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, আদালত ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন।

তিনি বলেন, “আমরা ন্যায়বিচার চাই, আদালতের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত হবে।”

অনুষ্ঠানে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এখনো সদস্যের নাম পাওয়া যায়নি। তারা আগামী অধিবেশনে মতামত জানাবে বলে জানিয়েছে। নাম পাওয়ার পরই সংবিধান সংশোধনের প্রক্রিয়া “জুলাই সনদ”-এর আলোকে এগিয়ে নেওয়া হবে।

বাতিল হওয়া অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়গুলো এখনো চূড়ান্তভাবে বাতিল করা হয়নি; বরং পুনর্মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ কমিশন আইন নিয়ে প্রাথমিক পর্যায়ের পরামর্শ সভা হয়েছে। বিভিন্ন অংশীজনের সুপারিশ পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে আইনগুলো চূড়ান্ত করার কাজ চলছে।

সব মিলিয়ে সরকার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি আইন ও নীতিগত সংস্কারের প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে বলে জানান আইনমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV