1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাস দুর্ঘটনা, প্রাণ গেল একজনের; আহত ৩২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪ Time View

জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে খুলনাগামী প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের বহনকারী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া-টাঙ্গাইল রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তেই দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ঢালে ছিটকে পড়ে যায়।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে থাকা যাত্রী ও সেনাসদস্যরা আটকে পড়লে আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহতদের দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জানান, এখন পর্যন্ত অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন এবং বেশিরভাগই সেনাসদস্য। তবে চিকিৎসাধীনদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে। কিছু আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লিচুবাহী পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি বাসের মধ্যে দূরত্ব কমে যায় এবং সেখান থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকাজ শেষে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV