স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১১ জুন মাঠে গড়ানোর কথা রয়েছে ফিফা বিশ্বকাপের নতুন আসর। এর আগেই বিভিন্ন দেশের সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হলেও বাংলাদেশে এখনো তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতে বিশ্বকাপসহ ফিফার একাধিক টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। সোমবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের অধিকার অর্জন করেছে। তবে চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চুক্তির মূল্য আনুমানিক ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। এতে দেশটির দর্শকরা তুলনামূলক কম খরচে বিশ্বকাপসহ বড় ক্রীড়া ইভেন্ট উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফিফা প্রথমে ভারতের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলারের প্যাকেজ প্রস্তাব করেছিল। পরে আলোচনার মাধ্যমে তা কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। একই ধরনের বড় চুক্তি ইতোমধ্যে চীনেও সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৬০ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত হয়েছে।
ভারত ও চীনে সম্প্রচার চূড়ান্ত হলেও দক্ষিণ এশিয়ার আরেক বড় বাজার বাংলাদেশে পরিস্থিতি এখনো অনিশ্চিত। ফিফার পক্ষ থেকে বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি টাকার বেশি) দাবি করা হয়েছে। কর, ভ্যাট ও অন্যান্য ব্যয় যুক্ত হলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
এই বিপুল ব্যয়ের কারণে বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে কোটি ফুটবলপ্রেমীর জন্য বিশ্বকাপ দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় কমিয়ে বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। আজ এ বিষয়ে নতুন করে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা করছে।
সম্ভাব্য উদ্যোগের মধ্যে রয়েছে টি-স্পোর্টস ও স্টার নিউজের যৌথ প্রচেষ্টা, পাশাপাশি দুবাইভিত্তিক একটি মিডিয়া প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির মাধ্যমে বিনামূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দেওয়া হলেও ফিফা এখনো তাতে সম্মতি দেয়নি।
সব মিলিয়ে ভারত ও চীন সম্প্রচার অধিকার নিশ্চিত করলেও বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
Leave a Reply