শাসন সরকার স্ট্যাফ রিপোর্টার:
৩ জুন ২০২৬ (বুধবার): পারিবারিক অশান্তি ও মানসিক হতাশার কারণে দুই শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। তবে শেষ মুহূর্তে কর্তব্যরত দুই আনসার সদস্যের সাহসী ও মানবিক উদ্যোগে রক্ষা পায় তিনটি তাজা প্রাণ।
বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে রেললাইনের ওপর দুই শিশু সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে পড়েন সাহানাজ বেগম নামের এক নারী।
ঘটনাটি নজরে আসে স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য সাজু ইসলাম ও আব্দুর রাজ্জাকের। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তারা কোনো সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে অসীম সাহসিকতায় ট্রেন আসার আগেই মা ও তার দুই সন্তানকে রেললাইন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য দেরি হলেই ঘটতে পারত এক মর্মান্তিক দুর্ঘটনা। আনসার সদস্যদের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপে রক্ষা পায় তিনটি জীবন।
উদ্ধারের পর মানসিকভাবে বিপর্যস্ত ওই নারীকে চিলাহাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক সেবা ও মানসিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া সাহানাজ বেগমের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। পারিবারিক কলহ, স্বামীর দ্বিতীয় বিয়ে এবং দীর্ঘদিনের মানসিক চাপ তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ব্যক্তিগত যন্ত্রণার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরপরই চিলাহাটি স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। পরে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভুক্তভোগী নারীর বাবা এবং শ্বশুরের উপস্থিতিতে মা ও দুই সন্তানকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যরা আনসার বাহিনীর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা বলেন, “রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপস্থিত জনসাধারণ আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ, দায়িত্ববোধ ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের সাহসিকতায় তিনটি প্রাণ রক্ষা পেয়েছে, যা নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”
চিলাহাটি রেলস্টেশনের এই ঘটনা আবারও প্রমাণ করলো, আনসার বাহিনীর দায়িত্ব শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, প্রয়োজনে মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসাও তাদের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। দুই আনসার সদস্যের সাহসিকতা ও মানবিকতা তিনটি জীবনকে ফিরিয়ে দিয়েছে নতুন আশার আলো।
Leave a Reply