জেলা প্রতিনিধি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণের দাবি এবং গ্রাহকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার সামনে সড়কে ‘সচেতন গ্রাহক ফোরাম’ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সদস্য সচিব আরিফ আল মামুন, সদস্য নাজমুল হুদা, নুর মোহাম্মদসহ অন্যান্য নেতারা। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সদস্য ময়নুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা ও নেতৃত্ব নিয়ে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তারা বলেন, ব্যাংকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবিলম্বে বর্তমান চেয়ারম্যান মো. খুরশিদ আলমকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।
তারা আরও দাবি করেন, গ্রাহকদের ওপর পুলিশের আচরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে গ্রাহকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
কর্মসূচির পুরো সময়জুড়ে ব্যাংক শাখার সামনে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
Leave a Reply